ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতাকে হাতেনাতে আটক পুলিশের
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ফিরোজ কবির নামের বিএনপির এক নেতাকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকার তথ্যও জানিয়েছে থানা-পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা জানান, আটকের পর ফিরোজ কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফিরোজ কবির এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন অনেকে।