রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর বাড্ডায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত আবু রায়হান (২৩) নামে এক প্রাক্তন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণের ১ লাখ ৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম- ১। আবু রায়হান (২৩)।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বিকাল আনুমানিক ৫টায় বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা সাতারকুল রোডস্থ আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার সময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হান (২৩) কর্তৃক অপহরণের শিকার হয় ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব। এছাড়া অপহরণকারী আবু রায়হান মুক্তিপণ বাবদ ১ লক্ষ ৫ হাজার টাকা আদায় করে।
এ ঘটনায় বাড্ডা থানার চৌকস আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, সোর্স তথ্য এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে অপহরণে জড়িত প্রাক্তন শিক্ষক আবু রায়হানের অবস্থান নিশ্চিত করা হয়।
মঙ্গলবার ( ১৯ মে ) বাড্ডা থানা পুলিশের আভিযানিক টিম জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আবু রায়হান কে গ্রেফতার করে। একই সাথে অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণ হিসাবে আদায়কৃত ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।