১৯ মে ২০২৬, ১০:১৭

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত

বিএনপির লোগো  © সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায় তারা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ বৌলপুর গ্রামের ওয়াহেদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

নিহতের ভাই মিজান শেখ জানিয়েছেন, তারা  মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে।

খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মিঠু শেখের হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি। প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে বলেও জানান তিনি।