সাকিব-মাশরাফির ফেরার পথ বললেন ইশরাক
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের বাইরে রয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এবার এই দুই তারকা ক্রিকেটারকে দেশে ফিরে আইনি প্রক্রিয়া মোকাবিলা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন ক্রীড়া সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ সোমবার (১৮ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘তাদেরও (সাকিব ও মাশরাফি) উচিত হবে যে, যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না। তাদের আগ্রহ রয়েছে কি না, কোথাও বাধা সরকার থেকে নেই।’
উভয় ক্রিকেটারের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা প্রসঙ্গে নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ‘যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবেই তাদের বিরুদ্ধে যদি কোন অন্য অভিযোগ থেকে থাকে এবং আমার মনে হয় যে ওনাদের মোকাবিলা করা উচিত বিষয়টি।’
সাকিব ও মাশরাফিকে দেশের মাটিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি ওনারা এসে মুখোমুখি হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি আমরা মনে করি যে, তারা আসলে রাজনৈতিকভাবে তারা যদি কোন ভুল করে থাকে বা করে না থাকে সেটা পরবর্তীতে অন্যভাবে তারা মোকাবিলা করতে পারে এবং জনগণের মতামত নিতে পারে।’
জাতীয় দলের স্বার্থে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক যাতে করে আমাদের টিম পারফরম্যান্স ভালো হয়— এখন যা রয়েছে তার থেকে আরো ভালো হয়। কারণ আমরা সবাই জানি সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা তো অস্বীকার করার উপায় নেই; মাশরাফি বিশ্বের অন্যতম সেরা বোলার বলে আমি বিশ্বাস করি। তো এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেয়া হয় আমি বিশ্বাস করি যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করবে।’