১৮ মে ২০২৬, ১৩:০৭

এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন

আটক চারজন  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার শেষ দিন উত্তরপত্র না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলো সাজিদ হোসেন রাফি (১৭), মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭), নওশীন ইসলাম রামীম (১৭) ও মোশারফ হোসেন (১৭)। তারা সবাই করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুনায়েমকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী। এ সময় উত্তরপত্র না দোখানোয় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০-১২ জন পরীক্ষার্থী জিহানও মুনায়েমকে ছুরিকাঘাত করে জখম করে। পরে অন্যরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, রাতব্যাপী অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।