দুই পক্ষের সংঘর্ষ, আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিন ( ৮০)। শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রহিম উদ্দিন উপজেলার বলাইশিমুল গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে একই পাড়ার জসিম উদ্দীন গংদের সাথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করে বলেন, ‘রহিম উদ্দিন টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।’ তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ‘ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’