১১ মে ২০২৬, ১৬:২১

১১ মামলায় জামিন পেলেন ৭১ টিভির সাংবাদিক শাকিল-ফারজানা

সাংবাদিক শাকিল-ফারজানা  © সংগৃহীত

২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার আগমুহূর্তে একাত্তর টেলিভিশনের সাবেক সংবাদপ্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে (চ্যানেলটির সাবেক প্রতিবেদক ও সংবাদ উপস্থাপক) আটক করেছিল পুলিশ।

সোমবার (১১ মে) বিচারপতি কেএম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই সাংবাদিক দম্পতিকে ১১ মামলায় জামিন দিয়েছেন।  

এর মধ্যে শাকিল আহমেদকে পাঁচ মামলায় এবং ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাদের এক মামলায় কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তারা পৃথক ১৩ মামলার জামিন আবেদন করলেও জামিন হয়েছে ১১ মামলায়। সাংবাদিক দম্পতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় সাংবাদিক শাকিল আহমেদকে ৬টি এবং ফারজানা রুপাকে ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এগুলোর মধ্যে একটি হত্যাচেষ্টা। বাকিগুলো হত্যামামলা। হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচ মামলা ও ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন, আর একটিতে রুল জারি করেছেন। সেই মামলায় দুজনই আসামি।’