দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সড়ক অবরোধ
কুমিল্লার লালমাইয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা বাজারের একটি দোকানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক ছাত্রীকে যুক্তিখোলা বাজারের একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থীকে দোকানের ভেতরে আটকে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।