গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
আজ রবিবার (১০ মে) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রবিবার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসীর এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে মারধর করে এলাকাবাসী। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।