১০ মে ২০২৬, ০৯:০৮

বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার 

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মো. মিলন  © টিডিসি ফটো

‎‎লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার করইতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দাবি করছেন। 

এর আগে গত ২০ এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদী হয়ে মিলনসহ ৫ জনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা করেন। ওই মামালায় মিলন এক নম্বর আসামি। 
অপর আসামিরা হলেন, একই ইউনিয়ন মোশারফ হোসেন (২৭), মেজবাহ উদ্দিন রাতুল (২২), আবদুল মান্নান (২০), মো. জিহাদসহ (২০) অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জন।

‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর মিলন যুদলের প্রভাব বিস্তার করে এলাকার নিরীহ লোকজন থেকে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল ও করইতলা এলাকার বিভিন্ন স্পটে জুয়ার আসর বসাতেন। ওই জুয়ার আসরসহ বিভিন্ন অপকর্মের ভাগ উপজেলার বড় বড় নেতারাও পেতেন বলে একাধিক সূত্র দাবি করেছে।

আরও পড়ুন: ‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্রদল নেত্রীদের হেনস্তা করছে’

মামলার বাদী চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.  মোরশেদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর করইলা বাজারের এক ব্যাক্তির ছত্রচ্ছায়ায় মিলন অনেক অপকর্মে লিপ্ত ছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তার অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।