০৯ মে ২০২৬, ১২:৩১

সাজেকে ব্রাশফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন  © টিডিসি ফটো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। নিহত হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে হঠাৎ ব্রাশফায়ার শুরু করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা দ্রুত পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে না ফেরার দেশে বুয়েট শিক্ষক আফিফা

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। পাহাড়ে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, সাম্প্রতিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গত ৭ মে পানছড়ি বাজার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য ও কথিত কালেক্টর ইমনকে গুলি করে হত্যা করা হয়। 

ওই ঘটনায় প্রতিপক্ষ হিসেবে ইউপিডিএফ প্রসীত গ্রুপকে সন্দেহ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই সাজেকে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।