এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা, ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক
চুয়াডাঙ্গার জীবননগরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও ভুয়া সাংবাদিক পরিচয়পত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিনজু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে মিনজু মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের মূল ফটক দিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। এসময় দায়িত্বে থাকা জীবননগর থানার কনস্টেবল মো. আল-আমিন হোসেন তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি জোরপূর্বক ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাকে আটক করে।
পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কলকে এবং একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মিনজুকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী ওই যুবককে দণ্ড দেওয়া হয়েছে।