তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে যখম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হামলায় রফিকুল ইসলাম তালুকদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ মে ) রাত আনুমানিক ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রফিকুল ইসলাম তালুকদার প্রায় এক বছর আগে মিল্টন নামে এক ব্যক্তির কাছ থেকে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। বুধবার রাতে তার আপন চাচাতো ভাই সাব্বির তালুকদার ওই পুকুরে দেশীয় মাছ ধরার সরঞ্জাম (ফুলকুচি বা ঝুপি) দিয়ে মাছ ধরতে যান। রফিকুল এতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাব্বির উত্তেজিত হয়ে তার হাতে থাকা ফুলকুচি দিয়ে রফিকুলের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি।