ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দেশে ফেরালো পুলিশ
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার পিবিআই সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। গত ৬ মে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর একই বছরের ৩১ মে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ছেলে আমানুর রশিদ খান ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা-পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন তদন্তভার নেয় পিবিআই।
তদন্ত চলাকালে একই মামলার আরেক আসামি মহসীনকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে আরিফ সরকারের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় পিবিআই। পরে দুবাইয়ে তার অবস্থান শনাক্ত হলে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।
পিবিআই জানায়, মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে। এরপর পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।
পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতে পাঠানো হয়েছে।