অটোরিকশার গ্যারেজে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলায় পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে মো. রামিম নামে ৯ বছর বয়সি এক শিশুকে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) পলাশ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির পেটে পায়ুপথ দিয়ে উচ্চ গতিতে বাতাস প্রবেশ করানো হয়েছিল।
নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটে বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে।
পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির দাদা আমজাদ হোসেন গজারিয়া বাজারের ঢেউটিন ব্যবসায়ী। সে দাদার সঙ্গে প্রায়ই বাজারে যেত। বুধবারও সকাল ৯টার দিকে সে দাদার সঙ্গে বাজারে যায়। পরে দাদার দোকান থেকে শিশুটি পাশের ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়।
সেখানে স্থানীয় রিকশাচালক সবুজ মিয়া দুষ্টুমির ছলে রিকশার টিউবে হাওয়া দেওয়া পাম্পের সাহায্যে শিশুটির পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। তখন চিৎকারে আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। বিকেল সোয়া চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আসকারী জানান, শিশুটির পায়ুপথ দিয়ে উচ্চ গতিতে বাতাস প্রবেশ করানোর কারণে কোনো একটি অংশ ছিদ্র হয়ে যায়। ফলে তার পেটের ভেতর রক্তক্ষরণ হয়। তার ব্যাপক পেটব্যথা শুরু হয় এবং শ্বাস নিতে পারছিল না। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বুধবার রাতে শিশুর মরদেহ বাড়িতে আনা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।