তথ্য প্রকাশ করায় নারী চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার তথ্য প্রকাশ করায় চিকিৎসক সায়মা আক্তারকে বিভিন্ন ফেসবুক আইডি ও অজ্ঞাতনামা মোবাইল নাম্বার থেকে গণধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৭ মে)সকালে নিরাপত্তা চেয়ে মদন থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, গত ৩ মে মদনের আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় একটি বেসরকারি টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও অজ্ঞাতনামা মোবাইল নাম্বার থেকে গণধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে আসছিলেন ডা. সায়মা আক্তার। তাই তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
এ বিষয়ে ডা. সায়মা আক্তার জানান, আমি প্রতি বৃহস্পতিবার মদন উপজেলার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখি। গত ৩০ এপ্রিল দুপুরে ১১ বছরের এক শিশু আসে তার মাসহ আমার চেম্বারে। তখন সেই শিশুটি তার শারীরিক অসুবিধার কথা জানান আমাকে। তখন আমি পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তখন আমি শিশুটি এবং তার মার কাছে জানতে চাইলে সেই শিশুটি জানায় মাদ্রাসার হুজুর আমার সাথে জোরপূর্বক সম্পর্ক করেছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে একটি বেসরকারি টেলিভিশন আমার কাছে এসে শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে সেই বিষয়টি আমি তাদেরকে জানাই।
তিনি আরও বলেন, এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে আমাকে গণধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছে। তখন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সাহেবের সাথে কথা বললে তিনি আমাকে জিডি করার কথা বলেন। তাই আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছি আজ।
জিডির বিষয়টি নিশ্চিত করে মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, আজ আমার থানায় ডা. সায়মা আক্তার একটি জিডি করেছেন। বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ দুপুর পৌনে ১২টার দিকে তাকে নেত্রকোণা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল বুধবার (৬ মে) সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একইদিন ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে র্যাব-১৪ তাকে আটক করে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।