জুস নিয়ে বাগবিতণ্ডা, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের চিতলমারী উপজেলাে জুস কেনাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ মোল্লা (৪০) উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি জামায়াতে ইসলামীর হিজলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে নিজ দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার তার দোকান থেকে একটি জুস কিনে সেটি ভালো নয় বলে অভিযোগ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাইজিদ ইজারাদার তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিজলা ইউনিয়ন জামায়াতের আমির সোহেল শেখ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। হত্যার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’