০৬ মে ২০২৬, ১৬:১৬

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি থানা  © টিডিসি ফটো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নুসরাত জাহান রুমা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আগে ওই তরুণী বেশ কয়েকদিন ধরে ‘পাগলামি’ বা অস্বাভাবিক আচরণ করছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

নিহত রুমা উপজেলার সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের এক খুলিয়া এলাকার সিকদার বাড়ির বাসিন্দা। তিনি মো. নাজু’র কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাত জাহান রুমার পারিবারিক জীবন ছিল বেশ জটিল। প্রায় ১০-১২ বছর আগে রুমার মা বেবি আক্তার তাকেসহ তার বর্তমান পিতা নাজুর সংসারে আসেন। অর্থাৎ রুমা তার সৎ বাবার ঘরেই বড় হয়েছেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে মাত্র ৪-৫ দিন স্বামীর ঘরে কাটিয়ে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন।

পরিবারের সদস্যদের দাবি, গত ৪-৫ দিন ধরে রুমা অস্বাভাবিক আচরণ (পাগলামি) করছিলেন। বুধবার (৬ মে) নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের ভাষ্যমতে, ওই পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। তবে দীর্ঘদিনের দাম্পত্য বিচ্ছিন্নতা কিংবা সাম্প্রতিক মানসিক অস্থিরতা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।