ময়মনসিংহে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাজল ময়মনসিংহ জেলার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল গভীর রাতে নান্দাইল উপজেলার একটি নির্জন হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৬) ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছালে আসামি কৌশলে তাকে অটোরিকশায় তুলে নেন। পরে নির্জন স্থানে নিয়ে আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে রাতভর তাকে ধর্ষণ করেন।
ঘটনার সময় ভুক্তভোগীর তিন বছরের মেয়ে সন্তান তার সঙ্গে ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মা ও শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে ঘটনার পর থেকে র্যাব জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ জানায়, নারীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।