০৫ মে ২০২৬, ০৬:১৪
হাঁটতে হাঁটতে চলন্ত ট্রেনের সামনে পড়লেন দুই ব্যক্তি, নিহত ১
গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মো. হৃদয় (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অধীন হায়দরাবাদ এলাকায় ঢাকা–ময়মনসিংহ রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় বরিশালের বাসিন্দা। তিনি গ্রাম থেকে গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নুর আলম জানান, সন্ধ্যার দিকে হৃদয় তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়। তবে তার সঙ্গে থাকা চাচাতো ভাই অক্ষত থাকে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।