নেত্রকোনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত
নেত্রকোনার দুর্গাপুরে কথা-কাটাকাটির জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) রাত ১১টার দিকে পৌর শহরের তেরী বাজার এলালায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
নিহত ওয়াহিদুল ইসলাম ক্যালিস মৃধা (৩২) দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।
আটক ব্যক্তিরা হলেন একই এলাকার মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (৩১), তার মা নূরুন্নাহার ও ভগ্নিপতি মাজেদুল ইসলাম।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ক্যালিস ও নূর মোহাম্মদ প্রতিবেশী। শনিবার রাতে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নূর মোহাম্মদ ছুরি দিয়ে ক্যালিসের পেটে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।
পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে নূর মোহাম্মদের মা ও ভগ্নিপতিকে তাদের বাসা থেকে আটক করে। আর রবিবার সকালে নেত্রকোনা শহরের মালনী এলাকা থেকে নূর মোহাম্মদকে আটক করে পুলিশ।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রাতে থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামিদের আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।