০২ মে ২০২৬, ০৯:৫৫

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই, নেপথ্যে কী?

অভিযুক্ত নয়ন শেখ  © সংগৃহীত

ইতালির লেইজ শহরে পারিবারিক কলহ, পরকীয়া ও আর্থিক লেনদেনের জেরে ছোট ভাই নয়ন শেখকে (২৮) নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই হুমায়ুন শেখের বিরুদ্ধে। হত্যার পর রক্তাক্ত মরদেহ ভিডিও কলে দেশে থাকা পরিবারকে দেখিয়ে নিজের অপরাধ স্বীকার করেন অভিযুক্ত হুমায়ুন। এই ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অভিযুক্ত হুমায়ুন শেখের প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকা সত্ত্বেও তিনি তার চাচাতো বোন তায়েবার সাথে পরকীয়ায় জড়ান এবং দুই বছর আগে গোপনে তাকে বিয়ে করেন। পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় হুমায়ুন তার বাবা-মা ও ভাইয়ের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন। এমনকি দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা নিয়ে বিরোধের জেরে তার বাবা ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।

আর্থিক লেনদেনকেও এই খুনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিবারের দাবি, হুমায়ুন ছোট ভাই নয়নকে ইতালি নিতে যে টাকা ব্যয় করেছিলেন, নয়ন ইতোমধ্যে তার চেয়ে বেশি টাকা পরিশোধ করেছেন। তবে সম্প্রতি হুমায়ুন আরও বড় অঙ্কের টাকা দাবি করলে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা চরম আকার ধারণ করে। গত বুধবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে নয়ন বাড়ির নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে গেলে হুমায়ুন ওত পেতে থেকে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

আরও পড়ুন: জামিল-বৃষ্টি হত্যায় ইউএসএফে শোকসভায় শত শত শিক্ষার্থী

সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, নয়নকে হত্যার পর হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং নিহতের বোনসহ অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হুমায়ুনের প্রথম স্ত্রী আমেনাও তার স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

হত্যাকাণ্ডের পর ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। এদিকে নিহত নয়নের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে অন্য ভাই খুনের বিষয়টি তিনি অবগত হয়েছেন।

নিহত নয়নের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের সহযোগিতা ও অভিযুক্ত হুমায়ুনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।