০১ মে ২০২৬, ১৬:৫৫

গুলশানে মদ্যপ অবস্থায় ‘গণ মাতলামি’ করায় গ্রেপ্তার ১৯

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর গুলশানে মদ্যপ অবস্থায় গণ মাতলামি করে জনসাধারণের মধ্যে আতঙ্ক  সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বর এলাকার কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১ মে) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন— রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা মদ্যপ অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে দেখা গেছে, গ্রেপ্তারকৃত কারোরই মদ্যপানের কোনো বৈধ লাইসেন্স ছিল না।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘মদ্যপ অবস্থায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানো ও গণ মাতলামির সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’