২৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক

বাড্ডা থানা  © সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বাবার হাতে  হাবিবুল্লাহ নামে ৩ বছর বয়সী শিশু সস্তানকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহীন মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, ওই বাড়িটিতে রিকশাচালক শাহিন ও তার স্ত্রী গৃহপরিচারিকা শিল্পী খাতুন ও তাদের দুই ছেলে সন্তান বসবাস করতেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বড় ছেলেটি বাসায় ছিল না। আর নিজের জন্য ঔষধ কিনতে বাসার বাইরে গিয়েছিলেন শিশুটির মা শিল্পী। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন ডাকাডাকি করে তার স্বামীকে দরজা খুলতে বলেন। তবে তিনি কিছুতেই দরজা খুলছিলেন না। পরবর্তীতে বাড়িওয়ালাসহ আশপাশের মানুষ জড়ো হলে তখন শাাহিন দরজা খুলেন। তখন তিনি নিজেই বলেন, ঘরের ভেতর তার ছেলেকে তিনি মেরে ফেলেছেন। তখন সবাই রুমের ভেতর ঢুকে বিছানার ওপর শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে শাহিনকে আটকে রাখেন এলাকাবাসী।

তিনি আরও জানান, ৯৯৯ এ থানায় খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আর অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন। এসব নিয়েই সংসারে অশান্তি চলছিল। তবে ছেলেকে কেন হত্যা করেছে সে বিষয়ে কিছু জানান তিনি।