২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫০

চোরাচালান মামলায় চীনা নাগরিকসহ তিন আসামি কারাগারে 

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর উত্তরার  একটি বাসা থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন, র‍্যাম ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় আটক তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  আটক ব্যক্তিরা হলেন—চীনা নাগরিক ঝাং হাইবিন (৫০), ওয়াং গুওফেং (৫২) এবং তাদের দোভাষী মো. দেলোয়ার হাওলাদার (২৫)।

আজ সোমবার (২৭ এপ্রিল) এ আদেশ দেন ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত। এর আগে আসামীদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ফ্ল্যাট থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। 

তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বাসার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, র‍্যাম এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা মোবাইলগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও আইফোন রয়েছে। এসব পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, চীন থেকে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে এনে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করতেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আটক দুই চীনা নাগরিক দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। তাঁদের দোভাষী হিসেবে কাজ করতেন অপর আসামি। আসামিদের সঙ্গে নিয়ে অভিযান চালালে আরও চোরাচালানের পণ্য উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হতে পারে।

এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়েছে।