১৯ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. আতিকুর রহমান নয়ন (ইনসেটে জব্দ করা গাঁজা)  © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে প্রায় দুই মণ (৭৬ কেজি) গাঁজাসহ মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোররাতে পরিচালিত এ অভিযানে তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১৩, রংপুর।

র‌্যাব সূত্রে জানা যায়, সারা দেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।