১২ এপ্রিল ২০২৬, ১২:৩০

হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪  © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের মো. মিলন (২২), মো. রিয়াজ (২০), মো. স্বপন (২২) ও মো. ফয়েল (১৯)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত এই তেলের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। অভিযান চলাকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত তেল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধ এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।