১০ এপ্রিল ২০২৬, ২০:৩০

টেকনাফে মুরগির খামার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার

মুরগির খামার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ  © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে দুই বস্তায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায়  নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ। এ ঘটনার পর থেকে খামারের মালিক পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে খাটের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায় মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতেই নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছেও জানিয়েছে পুলিশ।