০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬

৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত   © টিডিসি ফটো

ফেনী পৌরসভার তাকিয়া রোড সংলগ্ন ইসলামপুর এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের দায়ে একটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে 'কবির অ্যান্ড সন্স' নামের ওই প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ হাজার লিটার তেল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় কবির অ্যান্ড সন্সকে আর্থিক জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। আদায়কৃত জরিমানার অর্থ যথাযথ বিধি অনুসরণ করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।