তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের নুরানি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল থেকে তেল বিক্রি চললেও বিকেল সাড়ে ৪টার দিকে মজুত শেষ হয়ে যায়। এ সময় পাম্পে অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকদের তেল শেষ হওয়ার বিষয়টি জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে একদল লোক অতর্কিতে পাম্পের অফিস কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এই অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।