অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের মোল্লার ঘাট এলাকায় এই অভিযানে ৫টি শ্যালো মেশিন ধ্বংস ও প্রায় ১ লাখ ৪৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবির সদস্যরা।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। এছাড়া নদী সংলগ্ন ১০টি ভিন্ন ভিন্ন পয়েন্টে স্তূপ করে রাখা আনুমানিক ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অস্থায়ী অন্যান্য অবকাঠামোও।
জনস্বার্থে এবং নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।