০৭ এপ্রিল ২০২৬, ১৪:১৫

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

আটক গোলাম মোস্তফা রাব্বি (মাঝখানে)  © সংগৃহীত

নওগাঁয় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি ঘটনার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পুলিশ মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটক গোলাম মোস্তফা রাব্বি নওগাঁ সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার বিকালে দশম শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তাকে সড়কে একা পেয়ে অজ্ঞাতনামা এক তরুণ মোটরসাইকেল চালিয়ে পথরোধ করে। এরপর তার গায়ে হাত দিয়ে ব্যাড টাচ করে দ্রুত সেখান থেকে চলে যায়। এর পর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ভুগছিল। এরপর ভয়ে আর স্কুলে যাবে না বলে পুলিশ সুপারের কাছে সংবাদ আসে। বিষয়টি পুলিশ সুপার তাৎক্ষণিক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আসামি শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আটক করার নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরবর্তী সময়ে অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা রাব্বিকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সেই সঙ্গে তার ব্যবহৃত মোট সাইকেল এবং যে শার্ট গায়ে ছিল, সেটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি সত্য বলে বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। সেই সঙ্গে অতীতেও স্কুলছাত্রীদের ইভটিজিংসহ এমন কাজ করেছে বলেছে বলে স্বীকার করে। 

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা  সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা দায়ের করেছেন। এ ঘটনা আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।