কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্ত্রী। রাগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত ওই ব্যক্তি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ খুঁজছে ওই গূহবধূকে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাবাড়িয়া গ্রামের উজ্জ্বল খানের সঙ্গে তার স্ত্রী পোনার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উজ্জ্বল খান ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর করা হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েম ইউসুফ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।