শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন এলাকায় নিজ সন্তানকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি করেছে বাবা। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আট বছর বয়সী শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে শিশুটির বাবা ও তার এক সহযোগীসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শিশুটির পিতা তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শিশু সিয়ামকে অপহরণ করে। পরে শিশুটিকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবিকৃত অর্থ প্রদান না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার সংবাদ পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে শিশুটিকে উদ্ধারের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার সার্বিক দিকনির্দেশনায় পুলিশ একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটির পিতা মো. আজিজুল (২৮) এবং তার সহযোগী মো. আক্তারকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিকাশ লেনদেন ও মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন এবং একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শিশুটির মা বর্তমানে প্রবাসে ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে জিম্মি করা হয় এবং তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় শিশুটির পিতা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তারা সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।