কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো– মো: গোলাম রসুল শিহাব (২১), মো: রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০), মো: সাগর ফকির (২৬) ও মো: সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)।
বৃহস্পতিবার (১০ মার্চ) শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টায় শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম তার মোটরসাইকেল পার্ক করার পরপরই অজ্ঞাতনামা ৫-৬ জন যুবক তার ওপর হামলা চালায়। তারা পিস্তল দিয়ে পেছন থেকে একাধিক গুলি করে। এরপর রাকিবুল রক্তাক্ত অবস্থায় নিচে লুটিয়ে পড়লে অজ্ঞাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।
পরে রোববার (১৫ মার্চ) রাতে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত জনগণের সহায়তায় মো: গোলাম রসুল শিহাবকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে, সোমবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক ২টায় খুলনা জেলার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে মো: রাফিন শেখকে, একই দিনে সন্ধ্যা আনুমানিক ৭টায় খুলনা জেলার লবণচরা থানার ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে শাহারিয়ার নাজিম জয়কে, মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১২টায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মো: সাগর ফকিরকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টায় সিটিটিসির একটি টিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে সালাহউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সালাহউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা জেলার শীর্ষ সন্ত্রাসী ও ভাড়াটে খুনিদের মূল হোতা। তার নেতৃত্বে বেশ কয়েকজন ভাড়াটে খুনি কাজ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।