টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জনের
চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
নিহতরা হলেন পটিয়া উপজেলার বুধপুরা এলাকার মির্জা বাড়ির মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। আহত হয়েছেন মোহাম্মদ মামুন (২৮)।
মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত পাকিজা টেইলার্সের মালিকের ভাই মো. সানি জানান, আজ সকালে হঠাৎ চতুর্থ তলায় আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। অনেকেই দ্রুত নিচে নেমে আসতে সক্ষম হলেও ধোঁয়ার কারণে ইউনুস ও সোলাইমান শ্বাস নিতে পারছিলেন না।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সঙ্গে মামুন নামে আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
নন্দনকান ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।