ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৫ মার্চ) নীলফামারী র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের শিকার হন হবিবর রহমান (৫০)। গত ১১ মার্চ বোদা পৌর মার্কেটে কাপড় দেখার সময় তার পাঞ্জাবির পকেট থেকে মুহূর্তেই ১৩ হাজার টাকা বের করে নেয় পকেটমার। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে তিনি দেখতে পান পকেট খালি। এতে সেখানেই তার ঈদের কেনাকাটা থামিয়ে দিতে হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে।
এ ঘটনার পুরো দৃশ্য মার্কেটের একটি দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর পকেটমারকে ধরতে অভিযান শুরু করে র্যাব। র্যাব-১৩ নীলফামারীর একটি দল অভিযুক্তকে শনাক্ত করে গত শনিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে চুরি করা সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আনোয়ার দীর্ঘদিন ধরে পকেটমারি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।