শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা মো. আলভিন (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার আসামি।
শনিবার (১৪ মার্চ) চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল। পরে রোববার (১৫ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন। এসময় সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাসহ নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন।
গণসংযোগ চলাকালে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪০ মিনিটে শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদের পরিকল্পনা ও নির্দেশনায় একদল সশস্ত্র ব্যক্তি বাবলাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশীদ জানান, গ্রেপ্তার হওয়া আলভিন বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় বিভিন্ন কৌশলে নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করতেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক খুনোখুনির ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।