তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী
ঢাকার আশুলিয়ার পবনারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঘরের ভেতরে রুমানা আক্তার রুমির লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত রুমানা আক্তার রুমি স্বামী বিল্লালের সঙ্গে পবনারটেক এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, তিনি একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন এবং তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযুক্ত বিল্লাল রংপুর জেলার পীরগাছা উপজেলার ছালদার মিয়ার ছেলে বলে জানা গেছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজগর জানান, ‘প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’