২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬

এক বছরে মাদ্রাসার ৪৪ শিক্ষার্থীর আত্মহত্যা, বেশি যে কারণে

মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মহত্যার প্রধান কারণ হতাশা  © টিডিসি এআই সম্পাদিত

দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার মোট ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, এই মোট সংখ্যার মধ্যে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন ৪৪ জন, যারা বিভিন্ন কারণে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মহত্যার কারণগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের আত্মহননের প্রধান কারণ ছিল গভীর হতাশা। পরিসংখ্যান অনুযায়ী, মোট ঘটনার ৩৬.৩৮ শতাংশ ক্ষেত্রে হতাশা দায়ী ছিল। এছাড়া ২৫ শতাংশ শিক্ষার্থী পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে ১১.৩৪ শতাংশ এবং পারিবারিক টানাপোড়েনের জেরে ১১.৩৭ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী আত্মঘাতী হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একাডেমিক বা পড়াশোনার চাপের কারণে ৬.৮২ শতাংশ, মানসিক অস্থিতিশীলতায় ৬.৮১ শতাংশ এবং যৌন নির্যাতনের শিকার হয়ে ২.২৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।