২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

টেন্ডারকাণ্ডে জামায়াতের একাধিক নেতাকে মারধর: বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামায়াতে ইসলামী ও বিএনপির লোগো  © টিডিসি সম্পাদিত

পাবনার চাটমোহরে হাট-বাজার ইজারার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে প্রথমে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং পরবর্তীতে উপজেলা জামায়াতের সেক্রেটারিকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আতিকুর রহমান সাচ্চুকে প্রধান আসামি করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৯ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাদের ওপর হামলার অভিযোগ এনে উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের আহ্বানে ওইদিন হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষদিন ছিল। বিকেল তিনটায় জমা পড়া টেন্ডারের বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।

দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং নির্ধারিত বাক্সে তা জমা দেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এর কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজ শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিবের ওপরও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা তাকে মারধর শুরু করলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে বিএনপির এক নেতার সহায়তায় হাবিব সেখান থেকে সরে যান। এ ঘটনায় পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ‌মারপিটের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর ১৭। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান জানান, ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছে তার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি জানতামও না। আমি ইউএনও সাহেবের কাছে গিয়েছিলাম আমার এলাকার একটি সমস্যা সংক্রান্ত কাজ নিয়ে। কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার ওপর হামলা করে।

এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন, মামলাটি ষড়যন্ত্রমুলক। ঘটনার সাথে হাট-বাজার ইজারা নেওয়া লোকজন জড়িত; বিএনপির কেউ জড়িত নয়। বরং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হামলাকারীদের হাত থেকে ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করেছি। জামায়াতের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে, বৃহস্পতিবার ঘটনার পরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াতের সেক্রেটারির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। একইসঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান।