২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১২

জোরারগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জোরারগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  © টিডিসি ফটো

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে কৃষক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব ৭-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম সাইদুল ইসলাম। তিনি উপজেলার পূর্ব দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, রায়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মহাদেবপুর এলাকার ওসমান স্টোর থেকে মো. সাইদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কৃষক ছিদ্দিকুর রহমানের পরিবারের  দায়েরকৃত হত্যা মামলার ১নং এজাহারভুক্ত আসামি।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।