২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮

সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা

ফসলি জমির পাশ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার  © টিডিসি ফটো

নরসিংদীর মাধবদীর দড়িকান্দি এলাকার একটি ফসলি জমির পাশ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, নুরা নামে স্থানীয় বখাটে তাকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহতের বাবা বরিশালের বাসিন্দা। কর্মসূত্রে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে অন্তত ৫ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাবা ভুক্তভোগী মেয়েটিকে এক আত্মীয়ের বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথের মধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছলে নূরার নেতৃত্বে আরও ৫ জন মিলে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে, সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত কিশোরীর বাবা বলেন, ‘গতকাল আমার সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পাইনি আমরা। বখাটে নূরা এই কাজ করেছে৷ আমি মেয়ের হত্যার বিচার চাই৷’

মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, ‘ঘটনাটি আরও ১৫ দিন আগে ঘটলেও আমরা আজই বিষয়টি জানতে পেরেছি। ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিতে এসেছে। অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’