২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬

কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

তারেক মিয়া  © সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে তারেক মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তারেক একই গ্রামের গাজি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের কয়েকজন ঘরগাঁও মাঠে ক্রিকেট খেলায় অংশ নেয়। খেলার এক পর্যায়ে প্রতিবেশী আতিক মিয়ার সঙ্গে তারেকের কথা-কাটাকাটি শুরু হয়। একসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের বুক, হাত ও উরুতে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।