২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫

ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী  © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশের একটি পুকুর পাড়ে আনুমানিক ২০ থেকে ২১ বছর বয়সী এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।