০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি  © টিডিসি ফটো

ঝালকাঠির সদর উপজেলায় মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম শেফালি আক্তার (৬৫)। তিনি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার মৃত মো. আলী খানের স্ত্রী।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক সময় শেফালি আক্তারকে তার ছেলে মো. সাগর (৩৫) শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত বলে জানিয়েছেন স্থানীয়রা। নেশার টাকার জন্য প্রায়ই সে তার মায়ের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করত। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না পেয়ে ক্ষোভের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার পরপরই অভিযুক্ত সাগর পালিয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কারণ নিহতের গলায় দাগ রয়েছে। অভিযুক্ত ওই নারীর ছেলে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।