২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৩

নিউজিল্যান্ডের দাপটে বড় বিপদের শঙ্কায় ভারত

নিউজিল্যান্ড-ভারত ম্যাচ  © সংগৃহীত

ধ্রুব জুরেলের অসাধারণ লড়াকু ইনিংস কিংবা জাসপ্রিত বুমরাহর উইকেটখরা কাটানো—কোনোটিই যেন ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দিতে পারেনি। উল্টো, তৃতীয় দিন শেষে ম্যাচে আরও শক্ত অবস্থান তৈরি করেছে নিউজিল্যান্ড। 

রবিবার (২৯ নভেম্বর) দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে কিউইরা। প্রথম ইনিংসের ১১০ রানের লিডসহ তাদের মোট ব্যবধান ২৪৩ রানে দাঁড়িয়েছে। এখনও হাতে রয়েছে ৭ উইকেট। ফলে চতুর্থ দিনেই ভারতের সামনে কঠিন পরীক্ষার সম্ভাবনা তৈরি হচ্ছে।

দিনের শুরুতে ৬ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরুতেই আনশুল কম্বোজকে হারায়। তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই চালিয়ে যান ধ্রুব জুরেল। লোয়ার-অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে দারুণ দৃঢ়তায় দলকে টেনে তোলেন এই উইকেটকিপার-ব্যাটার। শেষ ৩ উইকেটে স্কোরবোর্ডে ১২৯ রান যোগ হওয়ার সুবাদে প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।

ব্যক্তিগত ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে কাইল জেমিসনের বলে সাজঘরে ফেরেন জুরেল। আকাশ দীপের সঙ্গে অষ্টম উইকেটে ৪৬ এবং অভিষিক্ত গুরনুর ব্রারের সঙ্গে নবম উইকেটে ৬৪ রানের কার্যকর জুটি গড়ে ভারতের ইনিংসে প্রাণ ফেরান তিনি। আকাশ দীপ ২৯ রান, আর গুরনুর করেন ১০ রান।

তবে আকাশ দীপের চোট ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে। ব্যাটিংয়ের সময় হেলমেটে দুবার বলের আঘাত লাগার পর কনকাশনের উপসর্গ দেখা দেয় তার। এতে বাকি ম্যাচ থেকেই ছিটকে গেছেন প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা এই পেসার।

পরে ১১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়ে নিউজিল্যান্ডও। দীর্ঘ ২৯৬ বলের উইকেটখরা কাটিয়ে টম ল্যাথামকে ফাঁদে ফেলে প্রথম সাফল্য এনে দেন বুমরাহ। চা-বিরতির পর হেনরি নিকোলসকেও ফিরতি ক্যাচে পরিণত করে নিজের দাপট জানান দেন তারকা এই পেসার।

তবে ভারতের বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ডেভন কনওয়ে। শারীরিক অস্বস্তি আর হাঁটুর ব্যথা উপেক্ষা করেই ৯৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের বলে জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে কনওয়ের ইনিংসের সমাপ্তি ঘটে। 

তবে ততক্ষণে অবস্থান বেশ শক্ত করে ফেলেছে স্বাগতিকেরা। অন্যপ্রান্তে ৪৬ রানে অপরাজিত আছেন রাচিন রবীন্দ্র। চতুর্থ দিনে লিড আরও বড় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড।