‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’
একসময় ফুটবল মানেই ছিল ব্রাজিলের জাদু। মাঠজুড়ে শৈল্পিক ফুটবল, দুর্দান্ত ড্রিবলিং আর চোখধাঁধানো সব গোল—এসব দিয়েই বিশ্বজুড়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছিল সেলেসাওরা। পাঁচটি বিশ্বকাপ জিতে ফুটবলের ইতিহাসেও নিজেদের নাম লিখিয়েছে স্বর্ণাক্ষরে। অথচ সেই ব্রাজিলের বর্তমান দল নিয়েই এবার বড় প্রশ্ন তুলে দিলেন দেশটিরই বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও। তার স্পষ্ট কথা, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়।
ব্রাজিলের ফুটবল ঐতিহ্য বলতে যে নান্দনিকতা, সৃজনশীলতা আর ব্যক্তিগত দক্ষতার কথা সবার আগে মনে পড়ে, বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তার ঘাটতি দেখছেন রোনালদো। তার মতে, ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে নিজেদের সহজাত বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে ব্রাজিল। একসময় যে প্রতিভা ও আত্মবিশ্বাস ছিল সেলেসাওদের সবচেয়ে বড় শক্তি, এখন যেন সেটিই ক্রমে ম্লান হয়ে যাচ্ছে।
‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হয়ে ব্রাজিলের ফুটবলের এই পরিবর্তন নিয়ে নিজের হতাশার কথা জানান সাবেক এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’
১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২—এই পাঁচ আসরে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। প্রতিটি শিরোপার পেছনেই ছিল অসাধারণ সব ফুটবলারের অবদান এবং আক্রমণাত্মক ফুটবলের স্বতন্ত্র দর্শন। পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো কিংবা রোনালদো—প্রতিটি প্রজন্মেই বিশ্ব ফুটবলকে নতুন করে মুগ্ধ করেছে ব্রাজিল। কিন্তু বর্তমান দলকে দেখে সেই পুরোনো ব্রাজিলকে খুঁজে পাওয়া কঠিন বলে মনে করেন রোনালদো।
শুধু ফুটবলের ধরন নয়, দলীয় সংহতির অভাবও বর্তমান ব্রাজিলের বড় দুর্বলতা বলে মনে করছেন তিনি। ব্যক্তিগতভাবে প্রতিভাবান ফুটবলারের উপস্থিতি থাকলেও তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত লড়াইয়ের মানসিকতা প্রত্যাশিত পর্যায়ে নেই। এ ক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার উদাহরণ দিয়েছেন রোনালদো। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যে ঐক্য, লড়াকু মানসিকতা ও দলীয় বোঝাপড়া রয়েছে, তা ব্রাজিলের জন্যও শিক্ষণীয়।
সব মিলিয়ে ব্রাজিলের বর্তমান শক্তি ও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন দেশটির সাবেক এই তারকা। নিজের অবস্থান জানাতে গিয়ে কোনো রাখঢাক না করেই বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল ব্রাজিলের নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, এমনকি দলের মধ্যে ঐক্যও নেই।’
রোনালদোর এমন মন্তব্য ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত, আবার কেউ মনে করছেন, ব্রাজিলের সামর্থ্যকে কিছুটা খাটো করে দেখছেন তিনি। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান অবস্থান নিয়ে যে প্রশ্ন উঠছে, তা অস্বীকার করার উপায় নেই। ২০০২ সালের পর আর বিশ্বকাপের শিরোপা ছুঁতে পারেনি ব্রাজিল। দীর্ঘ এই অপেক্ষা ঘোচাতে হলে শুধু তারকানির্ভর দল নয়, ফিরে পেতে হবে সেই হারানো ফুটবলীয় পরিচয়, সৃজনশীলতা ও দলীয় ঐক্য। রোনালদোর বক্তব্যে যেন সেই বার্তাই উঠে এসেছে।