টেস্টকে বিদায় বলছেন মুশফিক
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারে এবার ইতি টানতে চলেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন দেশের ক্রিকেটের অন্যতম এই কিংবদন্তি। এর মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ ২২ বছরের পথচলা শেষে সেই ইংল্যান্ডের বিপক্ষেই থামতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ার। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
এদিকে মুশফিকের সামনে সুযোগ ছিল লর্ডসের ঐতিহাসিক মাঠেই টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস খেলার। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলতে লর্ডসে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে সেই পর্যন্ত অপেক্ষা করছেন না ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
পরিসংখ্যানেও বাংলাদেশের ক্রিকেটে নিজের অবস্থানটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিক। দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৮টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৯ ইনিংসে ৩৮ দশমিক ৮ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
শুরুটা অবশ্য এতটা মসৃণ ছিল না। টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ ম্যাচ খেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি মুশফিক। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানে পরিণত করেন তিনি। ধারাবাহিকতা, ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়ে তোলেন অনন্য এক ক্যারিয়ার। এখন পর্যন্ত ১৪টি টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ এটিই।
নেতৃত্বেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধিনায়কত্বে ৭টি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ৯টিতে। একাধিক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হারই সবচেয়ে কম ৫২ দশমিক ৩৪ শতাংশ।
মুশফিকের নেতৃত্বে বাংলাদেশের টেস্ট ইতিহাসে যুক্ত হয়েছে বেশ কয়েকটি স্মরণীয় অর্জন। ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর অস্ট্রেলিয়াকেও হারায় নিজেদের মাঠে। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বেই জয় তুলে নেয় টাইগাররা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিক। তাই আগামী জানুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই শেষ হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ পথচলা।