২৮ নভেম্বর ২০২৬, ০১:০৪

বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান  © সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শাহাদাত হোসেন। ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।

এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪২ রান। দুজনের ৯৫ রানের জুটি বাংলাদেশকে শুরুতে বিপর্যয় সামলে লড়াইয়ের পুঁজি এনে দেয়। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। আলী রাজা ও হাসান নেওয়াজ পান ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ২১ রানে ২ উইকেট হারানোর পর হাসান নেওয়াজ ও শাহজাইব খানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। হাসান নেওয়াজ ৬২ এবং শাহজাইব খান ৫০ রান করেন।

এরপর অধিনায়ক আবদুল সামাদ ৩৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ফারহান ইউসুফ ৩৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ‘এ’ দল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল। আগামী রোববার (২৯ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত হবে ফাইনাল।